বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ্ তাআলার নামে শুরু করছি।
জমি মাপা নিয়ে অনেকে অনেক ঝামেলায় থাকেন। স্থানীয় আমিন দ্বারা জমি পরিমাপ করে বেশিরভাগ সময় সঠিক মাপটি পাওয়া যায় না। যে মাপটি পাওয়া যায় তা কোন এক পক্ষকে খুশি এবং অন্য পক্ষকে বিক্ষুব্ধ করে। এমন পরিস্থিতিতে বিক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্থ লোকটি ইনসাফ পাবার আশায় সরকারি আমিন আশা করেন। যে সরকারি আমিন তার জমিটির নিরপেক্ষ পরিমাপ করে তার অংশটি বুঝিয়ে দিবেন। কিন্তু সরকারি আমিন পাওয়া কি আর মুখের কথা?

তথ্য প্রযুক্তির এমন দিনেও অনেক তথ্য যেমন গোপন থাকে তেমনি মন্দ লোকের অসৎ উদ্দেশ্য থাকার কারণে সঠিক তথ্য ভুলভাবে উপস্থাপন করার জন্য অনেক ভুক্তভোগী সঠিক বিচার এবং সঠিক তথ্য পান না। সরকারি আমিন পাওয়াটা এখন মোটেই কঠিন কিছু না। তবে এই তথ্যটি আপনাকে কেউ সহজে দিবে না এবং আপনি যাতে এই তথ্যটি জানতে না পারেন তার জন্য সব রকমের কু-ব্যবস্থা নিবে।

যেভাবে পাবেন সরকারি আমিন:
আপনার জেলা লিগ্যাল এইড অফিসের লিগ্যাল এইড অফিসার এর সাথে স্বশরীরে যোগাযোগ করুন। লিগ্যাল এইড অফিসারকে আপনার জমির সমস্যা বলুন এবং জমির মেপে দেয়ার জন্য একজন দক্ষ আমিন কমিশনার নিয়োগের জন্য আবেদন করুন। জেলা লিগ্যাল এইড অফিসার জমি পরিমাপের এমন দন্দ মিটিয়ে দেয়ার জন্য লিগ্যাল এইড কর্তৃক আমিন কমিশনার নিয়োগ করে দিবেন। এর জন্য জেলা লিগ্যাল এইড এর একটি ফি পরিশোধ করতে হয়, আপনার জেলার লিগ্যাল এইড কর্তৃক নিয়োগপ্রাপ্ত আমিন কমিশনার এর ফি অফিসে এসে জেনে নিতে পারেন অথবা কল দিতে পারেন ১৬৬৯৯ নাম্বারে। জমি পরিমাপের জন্য যে ”ফি” জেলা লিগ্যাল এইড নিয়ে থাকে তা দুই পক্ষ থেকে পরিশোধ করতে হয়। মাদারীপুর জেলার লিগ্যাল এইড আমিন কমিশনার এর ফি ৫,০০০(পাঁচ হাজার) টাকা যা বাদী ও বিবাদী দুইজনকেই ২,৫০০(দুই হাজার) টাকা করে পরিশোধ করতে হয়।
লিগ্যাল এইড কর্তৃক নিয়োগপ্রাপ্ত আমিন কমিশনার নিয়োগের ১৫(পনের)(+-) দিনের ভিতর বিরোধপূর্ণ জমি সারজমিনে পরিমাপ করে বুঝিয়ে দেয়া হয় এবং রিপোর্ট প্রদান করা হয়।
সরকারি আমিন কি:
সরকারি আমিন একটি প্রচলিত শব্দ। মূলত সরকার বা সরকারের উর্দ্ধতন কোন কর্মকর্তার নির্দেশে কোন দক্ষ ও অভিজ্ঞ আমিনকে জমি পরিমাপের জন্য নিয়োগ করা হয় এবং দায়িত্ব প্রদান করে কমিশন গঠন করে দেয়া হয় তাকেই প্রচলিত ভাষায় সরকারি আমিন বলা হয়। সরকারি আমিন জেলা আদালত থেকে মামলার রায়ের মাধ্যমে গঠন করে দেয়া হয় যা সময় সাপেক্ষ্য।
সাধারন পদ্ধতি: সরকারি আমিন পাবার সাধারণ পদ্ধতি হল জেলা জজ আদালতে জমির মালিকানার সকল দলিল, খতিয়ান উপস্থাপন করে বন্টন মামলা দায়ের করা এবং আরজিতে জমি পরিমাপের কথা উল্লেখ করা। এখানে সব ঠিক থাকলেও বিবাদীর সদিচ্ছা না থাকলে আদালতের কার্যক্রমের দীর্ঘসূত্রিতা সৃষ্টি হবে এবং মামলার রায় পেতে অনেক সময় প্রয়োজন হবে।
লিগ্যাল এইড: লিগ্যাল এইড এরকম ঝামেলা এড়ানোর জন্য জমির মালিকানা সরাসরি দেখেন এবং একই দিনে আমিন কমিশনার নিয়োগের ব্যবস্থা করেন। এবং ১০-১৫(+-) দিনের ভিতর লিগ্যাল এইড কর্তৃক নিয়োগপ্রাপ্ত আমিন কমিশনার বাদী-বিবাদীর সাথে মোবাইলে ও পত্রমারফত যোগাযোগ করে সারোজমিনের জমি পরিমাপ করেন ও লিগ্যাল এইড অফিসে রিপোর্ট প্রদান করেন।
জমির অবস্থান ও সঠিক পরিমাপের পদ্ধতি: দুই মৌজার মাঝখান থেকে জমি মাপা ভুল পদ্ধতি। স্থানীয় কোন আমিন বা ব্যক্তি যদি দুই মৌজার মাঝখান থেকে জমি মাপতে চায় তাহলে সঠিক মাপ পাওয়া যাবে না। নালিশী জমির আশেপাশে কয়েকটি জমি পরিমাপ এবং সেগুলোর মালিকদের সাথে কথা বলে নালিশী জমি শনাক্ত করা সঠিক পদ্ধতি। এই পদ্ধতি ব্যতিত দুই মৌজার মাঝখান থেকে জমি মাপা ভুল যা সকল দক্ষ আমিন পরিহার করেন। দুই মৌজার মাঝখান থেকে জমি পরিমাপ করা হলে নালিশী জমি কম বা বেশি হবে এবং ৫ থেকে ১০ ফিট আগে পরে চলে যাবে।
তবে দুই মৌজার মাঝখানে যদি কোন সীমানা পিলার থাকে যা সরকার কর্তৃক স্থাপন করা হয়েছে তা রেফারেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে।